দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে ফের সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যায়, তাহলে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্পের দাবি, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে তিনি ‘খুশি নন’। তাই ভারত তাকে ‘খুশি করতে চাইছিল’।’’
স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এ কথা বলেন। খবর এনডিটিভি
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “রাশিয়ার তেলের বিষয়ে তারা যদি সহযোগিতা না করে, তাহলে আমরা ভারতের ওপর শুল্ক বাড়াতে পারি।”
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তিনি বলেন, “ওরা মূলত আমাকে খুশি করতে চেয়েছিল… পিএম মোদি খুব ভালো মানুষ। তিনি ভালো লোক। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমাদের সঙ্গে বাণিজ্য করতে হয়। আমরা খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।”
ট্রাম্প আরও বলেন, ‘এ বছরের শেষ নাগাদ ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে।’
রুশ জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনে যখন ভারতের ওপর নজরদারি বাড়ছে, ঠিক সেই সময় ট্রাম্পের এই নতুন সতর্কবার্তা এসেছে। যদিও ভারত বরাবরই বলে আসছে, দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়া থেকে তেল কেনা তাদের জন্য প্রয়োজনীয়।
এই মন্তব্যগুলো এমন এক সময় এসেছে, যখন কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে একটি টেলিফোনে কথা হয়। সেই আলোচনায় দুই নেতা চলমান শুল্ক-সংক্রান্ত টানাপোড়েন সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের গতি বজায় রাখার ওপর জোর দেন।
এই ফোনালাপের সময়ই ভারত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হয়, যার লক্ষ্য ছিল দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ মেটানো। চলতি বছরের শুরুতে আলোচনা শুরু হলেও, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় তা ব্যাহত হয়।
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসও দীর্ঘায়িত বাণিজ্য চুক্তি আলোচনার মধ্যেই ট্রাম্পের মোদি-প্রশংসার কথা উদ্ধৃত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ভারতকে “একটি অসাধারণ দেশ” বলে উল্লেখ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র মোদির মধ্যে “একজন মহান বন্ধু” খুঁজে পেয়েছে।
তিনি লেখেন, “ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এটি একটি অসাধারণ দেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। পিএম মোদির মধ্যে আমরা একজন মহান বন্ধু পেয়েছি।”
এবি/