দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের শ্রপশায়ার কাউন্টির হুইচার্চ শহরের কাছে শ্রপশায়ার ইউনিয়ন খালের তলদেশ হঠাৎ ধসে পড়েছে। এতে একটি বিশাল গর্ত তৈরি হয়ে দুটি নৌকা আটকে পড়ে এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘বড় দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।
শ্রপশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে খালের একটি কৃত্রিম বাঁধ (এমব্যাঙ্কমেন্ট) ভেঙে পড়লে পাশের মাঠে পানি ঢুকে যায়। এতে খালের তলদেশে গভীর খাদ সৃষ্টি হয়।
শ্রপশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, প্রায় ৫০ মিটার (প্রায় ১৬৪ বর্গফুট) আকারের গর্তের মধ্যে দুটি নৌকা আটকে আছে, আর তৃতীয় একটি গর্তের ঢালের ওপর কাত হয়ে রয়েছে।
ঘটনাস্থলে প্রায় ৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়। অস্থিতিশীল ভূমি ও দ্রুত প্রবাহিত পানির কারণে উদ্ধারকাজ ছিল ঝুঁকিপূর্ণ হলেও ১০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যানাল অ্যান্ড রিভার ট্রাস্ট জানায়, প্রাথমিকভাবে একে ‘খাদ’ বলা হলেও প্রকৃতপক্ষে এটি একটি এমব্যাঙ্কমেন্ট ফেলিওর—অর্থাৎ মানুষ নির্মিত বাঁধ ভেঙে পড়ার ঘটনা। বাঁধটি প্রায় ২০০ বছর ধরে খালটিকে ধরে রেখেছিল। কেন এটি হঠাৎ দুর্বল হয়ে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওয়েস্ট মার্সিয়া পুলিশ ও জরুরি পরিষেবাগুলো জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। খালটিতে অতিরিক্ত পানি প্রবেশ ঠেকাতে ফ্লাড গেট বসানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত নৌকাগুলো উদ্ধার শেষে এলাকাটি পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্যানাল অ্যান্ড রিভার ট্রাস্ট জানায়, নৌযাত্রী ও আশপাশের বাসিন্দাদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এবি/