দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেনিনে সামরিক বাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট পাত্রিস তালোনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল, তবে বিশ্বস্ত সৈন্যরা তা ভেস্তে দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলাসান সাইদু।
রোববার সকালে কিছু সেনা নিজেদেরকে ক্ষমতাসীন ঘোষণা করে সম্প্রচার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনের কয়েকজন সাংবাদিককে জিম্মি করা হয়। পরে প্রেসিডেন্টের একজন উপদেষ্টা জানান, তালোন নিরাপদ স্থানে আছেন।
ফ্রান্সের কূটনীতিকরা জানান, তালোন ফ্রান্সের দূতাবাসে আশ্রয় নেননি। দেশটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই ঘটনাটি ঘটে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে অভ্যুত্থান হয়েছে।
বেনিনকে সাধারণত স্থিতিশীল গণতন্ত্র হিসেবে দেখা হয়, যদিও প্রেসিডেন্ট তালোন সমালোচনা দমন করার অভিযোগের মুখে ছিলেন। দেশটি আফ্রিকার বড় তুলা উৎপাদক হলেও বিশ্বের দরিদ্রতম দেশের মধ্যে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘একটি ছোট সেনাদল রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিদ্রোহ শুরু করেছিল। বিশ্বস্ত সৈন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেয়।’ সরকার জানিয়েছে, অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।
বিবিসিকে একজন সাংবাদিক জানান, আটক হওয়া সেনাদের মধ্যে ১২ জন রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা চালিয়েছিল। রাজধানী কোটোনুর বিভিন্ন সড়কে ভারী সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আকাশে হেলিকপ্টার নজরদারি চলছে।
ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের ঘরে থাকার বা প্রেসিডেন্ট ভবনের আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
বিদ্রোহীদের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল পাসকাল টিগ্রি। তারা উত্তর বেনিনের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, সীমান্ত এলাকায় জঙ্গি হামলায় নিহত সেনাদের পরিবারকে অবহেলা, স্বাস্থ্যসেবা কমানো, কর বৃদ্ধি এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার অভিযোগ তোলেন।
সাম্প্রতিক বছরগুলোতে বেনিনের উত্তর অঞ্চলে আইএস ও আল-কায়েদা-সংযুক্ত জঙ্গিদের সহিংসতা বেড়েছে।
৬৭ বছর বয়সী তালোন আগামী বছর দ্বিতীয় মেয়াদ শেষে পদ ছাড়বেন। তিনি তৃতীয় মেয়াদে না যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং অর্থমন্ত্রী রোমুয়াল্ড ওয়াদাগনিকে উত্তরসূরি হিসেবে সমর্থন করেছেন। যদিও তিনি অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রশংসিত, বিরোধী মত দমনের অভিযোগও তোলা হয়েছে।
গত অক্টোবরে প্রধান বিরোধী প্রার্থীকে যথেষ্ট সমর্থনকারী না থাকার অজুহাতে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়। সংসদ সম্প্রতি মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করেছে, যদিও প্রেসিডেন্টের দুই মেয়াদের সীমা বহাল আছে।
গত সপ্তাহে গিনি-বিসাউতেও প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়—যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। এর আগে বুরকিনা ফাসো, গিনি, মালি ও নাইজারে অভ্যুত্থান ঘটে।
ঘটনায় ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। নাইজেরিয়া বলেছে, এটি গণতন্ত্রের ওপর ‘সরাসরি আঘাত’। তারা বেনিনের নিরাপত্তা বাহিনীর ‘সংবিধান রক্ষার সাহসিকতার’ প্রশংসা করেছে।
সূত্র: বিবিসি
এমএস/