দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আইন আল-হিলওয়ে এলাকার একটি প্রশিক্ষণকেন্দ্র থেকে হামাসের সদস্যরা কাজ করছিল—তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তারা দাবি করে, এ স্থানটি ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হতো। তবে হামাস এই অভিযোগকে ‘মনগড়া ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থীশিবির আইন আল-হিলওয়ের প্রবেশমুখে জরুরি কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ শিবিরের সরু রাস্তায় দ্রুতগতিতে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স, আর আকাশে উঠছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী।
প্রাথমিক তথ্যে জানা যায়, হামলাটি শিবিরের একটি মসজিদের বাইরের এলাকায় হয়েছে, যেখানে সাধারণত রাতে মানুষের ভিড় থাকে।
হামলাটি নিন্দা করে হামাস বলেছে, লেবাননের কোনো ফিলিস্তিনি শিবিরে তাদের সামরিক স্থাপনা নেই এবং যে জায়গায় হামলা হয়েছে সেটি ছিল একটি ‘খোলা ক্রীড়াক্ষেত্র’।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষতি কমাতে হামলার আগে নির্ভুল অস্ত্র ব্যবহার, আকাশ থেকে নজরদারি ও গোয়েন্দা তথ্য যাচাইসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস, যাতে ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মা করা হয়। এর পর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের হামাস হামলার পরদিন থেকেই ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে লড়াই বাড়তে থাকে। ১৩ মাসের উত্তেজনার পর ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়।
লেবানন বলছে, এসব হামলায় দেশটিতে প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে ১২ লাখেরও বেশি মানুষ। ইসরায়েল জানিয়েছে, এই সংঘাতে তাদের ৮০ জনের বেশি সেনা ও ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/