দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার। এই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোহরান মামদানি। জুনে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অপ্রত্যাশিত জয়ের পর থেকেই আলোচনায় আছেন ৩৪ বছর বয়সী এই রাজনীতিক। তরুণ ভোটারদের মধ্যেও তিনি অন্যতম জনপ্রিয় বলে জানিয়েছে আল জাজিরা।
সোমবার কুইন্সের অ্যাস্টোরিয়ায় শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মামদানি বলেন, ‘এই হাতগুলোই আমাদের এই শহরে ইতিহাস তৈরির এই পর্যায়ে নিয়ে এসেছে। যখন আপনি শ্রমজীবী মানুষের জন্য লড়াই করেন, তখন আপনি প্রকৃত অর্থেই নিজের শহরের রাজনীতি পুনর্গঠন করতে পারেন।’
এর কয়েক ঘণ্টা আগে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে প্রকাশ্যে সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিউইয়র্কবাসীদের ‘কমিউনিস্টের’ পরিবর্তে অন্তত একজন ‘খারাপ ডেমোক্র্যাটকে’ বেছে নেওয়া উচিত। ট্রাম্প এর আগে মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে একাধিকবার সমালোচনা করেন।
অল্প সময়ের ব্যবধানে বিলিয়নিয়ার ইলন মাস্কও কুওমোর প্রতি সমর্থন জানান। কুওমো মূলত ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ছিলেন, তবে প্রাইমারিতে মামদানির কাছে পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মামদানি কুওমোর চেয়ে এগিয়ে আছেন। জিতলে তিনি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। মামদানির জন্ম উগান্ডায়, তবে তার পারিবারিক শিকড় ভারতীয় উপমহাদেশে।
প্রচারণার শেষ দিনে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘নির্বাচনে জিতবে ভোটই। যতক্ষণ আমরা মনোযোগ ধরে রাখব, মানুষের দরজায় কড়া নাড়ব এবং প্রচারণা চালিয়ে যাব, জয়ের সম্ভাবনাও তত বাড়বে।’
প্রচারণায় অংশ নেওয়া তাসনুভা খান বলেন, ‘এই প্রতিযোগিতা মুসলিম ভোটারদের প্রভাব এবং নিউইয়র্কের দ্রুত বর্ধনশীল বাংলাদেশি সম্প্রদায়ের উপস্থিতি সামনে এনেছে।’
কুইন্সের লং আইল্যান্ড সিটির দন্ত চিকিৎসক ও মামদানি সমর্থক শবনম সালেহেজাদেহি বলেন, নির্বাচনের পরই মামদানির প্রকৃত চ্যালেঞ্জ শুরু হবে। তার মতে, জিতলেও তাকে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কঠিন পরীক্ষা দিতে হবে।
এই নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বী আরও দুইজন—স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া। ত্রিমুখী এই লড়াইয়ের কারণে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন এখন আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
এমএস/