দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার তাদের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে, যা চলবে দোহায় শান্তি আলোচনা শেষ না হওয়া পর্যন্ত। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের তিনজন এবং আফগান তালেবান ঘনিষ্ঠ এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পাকিস্তানের প্রতিনিধি দল ইতিমধ্যে দোহায় পৌঁছেছে। আফগান প্রতিনিধি দল শনিবার কাতারের রাজধানীতে পৌঁছাবে বলে জানা গেছে। সূত্রগুলো গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক।
আফগান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ স্থানীয় টেলিভিশন চ্যানেল আরিয়ানা নিউজকে বলেন, কাবুল তার বাহিনীকে নির্দেশ দিয়েছে, পাকিস্তান কোনো হামলা না চালালে তারা যুদ্ধবিরতি বজায় রাখবে।
গত বুধবার শুরু হওয়া সাময়িক যুদ্ধবিরতির আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে টানা কয়েক দিনের ভয়াবহ সংঘর্ষে অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হয়। পাকিস্তানের সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পাশাপাশি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধবিরতি বা দোহা আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এক সময় মিত্র হলেও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগান ভূখণ্ডে বিমান হামলাও চালায়। এরপরই ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়, যা শুক্রবার রাত ৭টা (বাংলাদেশ সময়) শেষ হওয়ার কথা ছিল।
শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, এক জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি সামরিক ক্যাম্পের দেয়ালে ধাক্কা দেয় এবং আরও দুই হামলাকারী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে তাদের হত্যা করে। ঘটনায় আরও ১৩ সেনা আহত হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তর থেকে জানানো হয়, ওই হামলায় ছয়জন জঙ্গি নিহত হয়েছে। তবে নিহত সৈন্যদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
শরিফ বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, আফগানিস্তান থেকে জঙ্গি হামলা বন্ধ না হওয়ায় ধৈর্য হারিয়ে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে দেশটি আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী।
আফগান তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পাকিস্তানি সেনারা আফগানিস্তানকে অস্থিতিশীল করতে ভুল তথ্য ছড়াচ্ছে এবং সীমান্ত উত্তেজনা সৃষ্টি করছে। ইসলামাবাদ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, পাকিস্তান রেড ক্রিসেন্ট জানিয়েছে, আফগানিস্তান শুক্রবার সাত পাকিস্তানির মরদেহ হস্তান্তর করেছে—এর মধ্যে দুইজন নিরাপত্তা সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক, যারা সপ্তাহের শুরুতে সংঘর্ষে নিহত হয়েছিলেন।
দুই মুসলিম দেশের মধ্যে অতীতে সংঘাত হলেও সাম্প্রতিক এই লড়াইকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা হচ্ছে। সংঘাত থামাতে সৌদি আরব ও কাতার মধ্যস্থতা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, প্রয়োজনে তিনি এই দ্বন্দ্ব সমাধানে সহায়তা করতে প্রস্তুত।
সূত্র: রয়টার্স
এমএস/