দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সামরিক ও নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ জনে। এর মধ্যে ১ হাজার ৩৫ জনই সেনা সদস্য। তথ্যটি প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল ১২।
মন্ত্রণালয় জানায়, এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত রয়েছে ৭ অক্টোবরের হামলা, গাজা যুদ্ধ, লেবানন ও দখলকৃত পশ্চিম তীরের নিহতদের সংখ্যা।
তবে দ্য জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে কিছুটা ভিন্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে। তাদের হিসাবে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১ হাজার ১৫২ জন। নিহতদের মধ্যে ৪০ শতাংশের বেশি বয়স ছিল ২১ বছরের নিচে। অপরদিকে ১৪১ জনের বয়স ছিল ৪০ বছরের ওপরে।
বেশিরভাগ নিহতরা ছিলেন রিজার্ভ সদস্য, মেয়াদ বাড়িয়ে কর্মরত সেনা বা বাধ্যতামূলক বয়স পেরিয়ে সেবা চালিয়ে যাওয়া কর্মকর্তারা।
চ্যানেল ১২ আরও জানায়, ইসরায়েলি ইন্স্যুরেন্স অথরিটির তথ্য অনুযায়ী প্রায় ৮০ হাজার ইসরায়েলি ‘শত্রুপক্ষের হামলায় আহত’ হিসেবে নথিভুক্ত হয়েছেন। এছাড়া প্রায় ৩০ হাজার মানুষ মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন।
উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর ভোরে ‘আল-আকসা ফ্লাড’ অভিযানের সূচনা করে। স্থল, সমুদ্র ও আকাশপথে চালানো ওই অভিযানে তারা গাজার কাছাকাছি কয়েকটি ইসরায়েলি বসতিতে অনুপ্রবেশ করে। আল-আকসা মসজিদসহ জেরুজালেমের ইসলামি পবিত্র স্থানে ইসরায়েলি নিপীড়ন ও দখলদারিত্ববিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এ অভিযান চালানো হয়।
সূত্র: আল জাজিরা
এমএস/