দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েল সরকার তার সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’ এ খবর নিশ্চিত করেছে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিকভাবে সম্মতি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর্মি রেডিওর সাংবাদিক ডরোন কাদোস জানিয়েছেন, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলেছেন। এর অর্থ হলো, গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত।
শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, হামাস সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।
আগের দিন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা আগে হামাস আংশিক সম্মতি জানিয়েছে। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার দাবি করেছে।
ট্রাম্প হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে।
হোয়াইট হাউসের প্রকাশিত পরিকল্পনায় বলা হয়েছে, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়া এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের বিনিময়ে ইসরায়েলও গাজার শত শত বন্দিকে মুক্তি দেবে।
সূত্র: আল জাজিরা
এমএস/