দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলায় নিহত দুই ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন ৫৩ বছর বয়সী অ্যাড্রিয়ান ডলবি এবং ৬৬ বছর বয়সী মেলভিন ক্রাভিটজ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, নিহতদের একজন পুলিশের গুলিতে মারা যান, যখন হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
গত বৃহস্পতিবার সকালে জিহাদ আল-শামি নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি দিয়ে লোকজনকে চাপা দিয়ে পরে ছুরিকাঘাত করেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। হামলার দিনটি ছিল ইয়ম কিপ্পুর—ইহুদিদের ধর্মীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন।
অ্যাড্রিয়ান ডলবির দীর্ঘদিনের প্রতিবেশী আব্দুল রহিমি তাকে বর্ণনা করেছেন ‘একজন ফেরেশতার মতো মানুষ’ হিসেবে।
তিনি বিবিসিকে বলেন, ‘তিনি খুব ভালো প্রতিবেশী ছিলেন, দারুণ একজন মানুষ, সবসময় সাহায্য করতেন।’
রহিমির সন্তানরাও ডলবিকে ‘ভীষণ ভালোবাসত’ এবং বড়দিন বা ঈদের মতো উৎসবে উপহার বিনিময় করত।
তিনি আরও বলেন, প্রতিবেশীরা সবাই হতবাক, আর তার মৃত্যু তাদের জন্য ‘অত্যন্ত দুঃখজনক খবর’।
হামলাকারী আল-শামি ব্রিটিশ নাগরিক হলেও তার বংশ পরিচয় সিরীয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এর আগে তিনি কখনও সন্ত্রাসবিরোধী পুলিশের নজরে আসেননি।
তিনি আরও বলেন, ‘এখনই বলা খুব তাড়াতাড়ি হবে যে, এর পেছনে কোনো সন্ত্রাসী নেটওয়ার্ক আছে কিনা।’
সারা যুক্তরাজ্যের সিনাগগগুলোতে পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ‘আমরা চাই আমাদের ইহুদি নাগরিকরা নিরাপদ ও স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম চালাতে পারেন।’
তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই নিরাপত্তার জন্য তহবিল দিয়েছে এবং ক্রমবর্ধমান ইহুদি-বিরোধী পরিস্থিতি মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে।
ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট লুইস হিউজ বলেন, ‘মি. ডলবি ও মি. ক্রাভিটজের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পুরো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সহায়তা করবেন।’
তিনি আরও বলেন, কর্তৃপক্ষ সাংস্কৃতিক সংবেদনশীলতা মাথায় রেখে নিহতদের পরিবারকে সম্মান জানাবে। নিহত দুজনই ক্রাম্পসাল এলাকার বাসিন্দা ছিলেন।
হোম অফিস জানিয়েছে, শুক্রবার তাদের ময়নাতদন্ত শুরু হবে।
সূত্র: বিবিসি
এমএস/