দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত জলবায়ু শীর্ষ সম্মেলনে নতুন জলবায়ু পরিকল্পনা ঘোষণা করেছে চীনসহ কয়েকটি দেশ। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু পরিবর্তন অস্বীকারমূলক বক্তব্যেরও ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বুধবার বেইজিং থেকে ভার্চুয়াল বার্তায় শি জানান, ২০৩৫ সালের মধ্যে চীন তার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ের তুলনায় ৭% থেকে ১০% কমাবে। এছাড়া আগামী ১০ বছরে চীন তার বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছয়গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। এতে দেশটির জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ৩০% ছাড়িয়ে যাবে।
এটি ছিল প্রথমবারের মতো চীনের নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি, যদিও প্রত্যাশার তুলনায় কম বলে মনে করেছেন অনেক বিশেষজ্ঞ।
শি উন্নত দেশগুলোর প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন এখন সময়ের দাবি। কিছু দেশ উল্টো পথে গেলেও বিশ্ব সম্প্রদায়কে সঠিক পথে থাকতে হবে।’
একদিন আগে জাতিসংঘে ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘প্রতারক তত্ত্ব’ আখ্যা দিয়ে বিজ্ঞানীদের ‘বোকা’ বলেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন ও চীনকে নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের কারণে সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই প্যারিস চুক্তি থেকে সরে গেছে।
পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান চীনকে বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি বাজারে আরও এগিয়ে দিচ্ছে। তবে অনেকে আশা করেছিলেন, চীন অন্তত ৩০% নিঃসরণ হ্রাসের লক্ষ্য ঘোষণা করবে।
এশিয়া সোসাইটির চায়না ক্লাইমেট হাবের পরিচালক লি শু বলছেন, বেইজিংয়ের ঘোষণা সতর্ক রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করলেও বাস্তবে দেশটি নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে দ্রুত অগ্রসর হচ্ছে।
এদিকে ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশও তাদের লক্ষ্য ঘোষণা করেছে।
তবে পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এসব প্রতিশ্রুতি এখনও জলবায়ু সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয়।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, প্যারিস চুক্তির কারণে বৈশ্বিক উষ্ণায়নের সম্ভাব্য মাত্রা কিছুটা কমেছে, তবে এখনও এটি নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে। তিনি জোর দিয়ে বলেন, ‘২০৩৫ সালের নতুন পরিকল্পনাগুলো আরও বড় ও দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
সূত্র: রয়টার্স
এমএস/