দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কানপুরে শোভাযাত্রায় এই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়। এরপর উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, মুম্বাইসহ বিভিন্ন জায়গায় মুসলমানরা বিক্ষোভে নামেন। অনেক জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতি ও গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।
কানপুরের রাওয়াতপুর এলাকায় শোভাযাত্রার জন্য নির্ধারিত জায়গার বদলে অন্যত্র প্যান্ডেল বানিয়ে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার টাঙানো হয়। এক পক্ষ আপত্তি জানালে পরে সমঝোতায় নির্ধারিত জায়গায় ব্যানার দেওয়া হয়।
কানপুর পুলিশের দাবি, মামলা হয়েছে অনুমতি ছাড়া প্যান্ডেল বানানো ও শোভাযাত্রার সময় অন্য পক্ষের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে। তবে গ্রেপ্তার হয়নি কেউ।
লক্ষ্ণৌতে প্রয়াত কবি মুনব্বর রাণার মেয়ে ও সমাজবাদী পার্টির নেত্রী সুমাইয়া রাণার নেতৃত্বে কয়েকজন নারী বিধানসভা প্রবেশপথে ব্যানার হাতে বিক্ষোভ করেন। তাদের সাময়িকভাবে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।
উন্নাওয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বহরাইচে স্মারকলিপি জমা দিতেও মামলা হয়েছে। কাশীপুরে (উত্তরাখণ্ড) পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অন্তত আটজনকে আটক করা হয়। গুজরাটের গোধরায় বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে মামলা ও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, ছোট ছোট বিষয়কে ইস্যু বানিয়ে মুসলমানদের হয়রানি করা হচ্ছে। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, ‘আই লাভ মুহাম্মদ লেখা অপরাধ নয়।’
কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ী প্রশ্ন তুলেছেন, ‘যদি নবীর প্রতি ভালোবাসা প্রকাশ অপরাধ হয়, তাহলে কি ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা হবে?’
অন্যদিকে বিজেপি বলছে, এখানে ধর্ম নয়, আইন ভাঙার বিষয়েই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সামাজিক মাধ্যমে অনেক মুসলমান ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ও ছবি প্রোফাইল পিকচার বানাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, সংখ্যালঘুরা মনে করছেন তাদের ক্রমাগত আলাদা করে টার্গেট করা হচ্ছে।
এমএস/