দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চাওয়ার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তালেবান প্রশাসন তার এই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত বলেন, ‘কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি ফেরত নিতে চাইছে। কিন্তু আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কারও কাছে সমর্পণ করা হবে না।’
তালেবান সরকারের এক বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। যুক্তরাষ্ট্রকে পূর্বের চুক্তি মেনে চলতে হবে এবং বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। তারা সতর্ক করে বলেছে, পুরোনো ব্যর্থ নীতি নয়, বাস্তববাদী দৃষ্টিভঙ্গিই একমাত্র সমাধান।
কাবুলের ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক অভিযানের প্রধান কেন্দ্র। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র এই ঘাঁটিকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের কেন্দ্র বানায়। এখানে দীর্ঘদিন বন্দি ও নির্যাতনের অভিযোগও রয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের আকস্মিক প্রস্থানের পর তালেবান ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়।
গত সপ্তাহে একাধিকবার বাগরাম ঘাঁটি ফেরত চাওয়ার কথা বলেন ট্রাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি সতর্ক করে বলেন, ‘আমরা এটি ফেরত চাই, খুব দ্রুত চাই। না দিলে কী হবে, তারা ভালোভাবেই জানে।’
এর আগের দিন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও ট্রাম্প এ দাবি তোলেন।
এমএস/