দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে সতর্ক করে বলেছেন, দেশটির কোনো সামরিক বিমান যদি মার্কিন নৌযানের দিকে এগিয়ে আসে, তবে তা ‘গুলি করে ভূপাতিত করা হবে’।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যদি তারা বিপজ্জনক অবস্থানে উড়ে যায়, আমি বলব তারা সমস্যায় পড়বে।’
ক্যারিবিয়ান সাগরে দুটি ভেনেজুয়েলার এফ-১৬ যুদ্ধবিমান মার্কিন যুদ্ধজাহাজের কাছ দিয়ে উড়ে যাওয়ার একদিন পর এই মন্তব্য আসে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যেই এই ঘটনার কথা ‘অত্যন্ত উস্কানিমূলক’ হিসেবে বর্ণনা করেছে।
ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমরা চাই না ভেনেজুয়েলা বা অন্য কোনো স্থান থেকে মাদক আসুক। এজন্য আমরা কঠোর থাকব।’ তার প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চক্র পরিচালনার অভিযোগ এনেছে, যদিও এখন পর্যন্ত প্রমাণ দিতে ব্যর্থ।
গত আগস্টে মাদুরোকে কোকেন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুরস্কার ঘোষণা করা হয়। এরপর যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান উপকূল ও জলসীমায় কয়েকটি জাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে।
ভেনেজুয়েলা এতে উদ্বিগ্ন। মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে তার দেশের শাসন পরিবর্তনের চেষ্টা করছে।
উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার মার্কিন বাহিনী ক্যারিবিয়ান অঞ্চলে একটি স্পিডবোট ধ্বংস করে। ট্রাম্পের দাবি, নৌকাটি মাদুরোর সঙ্গে জড়িত অপরাধী সংগঠনের ছিল এবং হামলায় ১১ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে দেখছেন।
মাদুরো সতর্ক করে বলেছেন, ‘যদি আমাদের আক্রমণ করা হয়, আমরা আমাদের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জনগণের সুরক্ষার জন্য সংগঠিত সামরিক প্রস্তুতি নেব। কোনো আঞ্চলিক বা জাতীয় আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে নামব।’
এছাড়া যুক্তরাষ্ট্র মাদুরোর ক্ষমতা দুর্বল করতে পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছে।
এমএস/