দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বড় ধরনের বোমা হামলার হুমকি পেয়েছে পুলিশ। এতে পুরো শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চলছে ব্যাপক তল্লাশি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একটি মেসেজ আসে। এতে দাবি করা হয়, শহরের বিভিন্ন স্থানে রাখা ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ বসানো হয়েছে। এসব বিস্ফোরণে পুরো মুম্বাই কেঁপে উঠবে।
হুমকির মেসেজে আরও বলা হয়েছে, পাকিস্তান থেকে ১৪ জন সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে এবং ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে। যা ভয়াবহ প্রাণহানি ঘটাতে পারে। বার্তাটি পাঠানো হয়েছে ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে।
আগামীকাল শনিবার মুম্বাইয়ে জনপ্রিয় গণেশ উৎসব শুরু হবে। তার ঠিক আগমুহূর্তে এমন হুমকি আসায় শহরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, 'বার্তা পাওয়ার পর আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এন্টি-টেররিজম স্কোয়াডকেও জানানো হয়েছে। শহরের প্রতিটি পার্কিং এলাকা, বেজমেন্ট ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরীক্ষা করা হচ্ছে।'
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম। শহরজুড়ে কড়া নজরদারি চলছে।'
এদিকে হামলার হুমকির পর নানা গুজব ছড়াতে শুরু করেছে। মুম্বাই পুলিশ সাধারণ মানুষকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।