দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা থেকে প্রায় ৫০০ সাংবাদিক ও কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। রোববার (৩১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া জানিয়েছে, মোট ৫৩২টি পদ বাতিল করা হবে, যার মধ্যে বেশিরভাগই ভিওএ-তে। এ ছাঁটাইয়ের পর সংস্থাটিতে মাত্র ১০৮ জন কর্মী থাকবে।
ভিওএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এ সিদ্ধান্তকে যৌক্তিক বলে দাবি করেছেন। তার মতে, এতে ফেডারেল আমলাতন্ত্র কমবে, সেবা উন্নত হবে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে। তবে কর্মীদের ইউনিয়ন একে “অবৈধ” বলে সমালোচনা করেছে।
ভিওএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।
এর আগে জুনে ৬৩৯ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু কাগজপত্রের জটিলতা ও মামলার কারণে তা স্থগিত হয়েছিল। তবে এবার সেই প্রক্রিয়া থামানো যায়নি।
সমালোচকরা বলছেন, এ সিদ্ধান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার বা নরম কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। ট্রাম্প প্রশাসন ভিওএ-কে দীর্ঘদিন ধরে ট্রাম্পবিরোধী ও উগ্রপন্থি বলে অভিযোগ করে আসছে।
ভিওএ’র অনেক সাংবাদিক মার্চ মাস থেকে প্রশাসনিক ছুটিতে আছেন। তবে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরুর পর কিছু ফারসি ভাষার সাংবাদিককে কাজে ফেরানো হয়। অন্যদিকে, মিয়ামি থেকে স্প্যানিশ ভাষায় সম্প্রচারকারী অফিস অব কিউবা ব্রডকাস্টিং এ ছাঁটাইয়ের আওতায় আসছে না।
এমএস/