দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মুম্বাইয়ে আদানি ইলেক্ট্রিসিটি মুম্বাই লিমিটেডের ৯০ ফুট দীর্ঘ ৬ হাজার কেজি ওজনের একটি লোহার সেতু চুরি হয়ে গেছে। মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে একটি খালের ওপর ছিল সেতুটি। পুলিশ ইতোমধ্যে এই কুকর্মের বিষয়ে তথ্য উদ্ধার করেছে।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম- ইন্ডিয়া টুডে, আউট লুক ইন্ডিয়া ও এনডিটিভি।
স্থানীয় বাঙ্গুর নগর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার জন্য শহরের পশ্চিমে মালাদ এলাকায় খালের ওপর ওই ৯০ ফুট লম্বা লোহার সেতু তৈরি করা হয়েছিল। তবে খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের পর অস্থায়ী লোহার সেতুটি কয়েক মাস আগে ওই এলাকার অন্য এক স্থানে সরিয়ে নেওয়া হয়। কিন্তু অস্থায়ী সেতুটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর জেরে গত ২৬ জুন সেতুটির নির্মাতা প্রতিষ্ঠান আদানি ইলেক্ট্রিসিটি মুম্বাই লিমিটেড থানায় একটি অভিযোগ দায়ের করে। এরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এজন্য পুলিশকে আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে হয়েছে। এতে ১১ জুন সেতু এলাকার দিকে বড় একটি গাড়িকে যেতে দেখা যায়। পরে পুলিশ রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গাড়িটির অবস্থান জানতে পারে। গাড়িটিকে পাওয়ার পরই আসল ঘটনা বের হয়। গাড়িটিতে ছিল লোহা কাটার সরঞ্জাম। সেতুর লোহা কেটে ছয় হাজার কেজি ওজনের ওই সেতুটি চুরি করে নিয়ে যায় চোর চক্র।
সবশেষে জানা গেছে ওই সেতুটি নির্মাণ করেছিল যে প্রতিষ্ঠান সেখানকার এক কর্মীই এমন ঘটনা ঘটিয়েছেন। তিনিই চুরি করেছিলেন এ বিশাল সেতু। পরে ওই কর্মী ও তার বাকি তিন সহযোগীদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় সেতুর চুরি হওয়া লোহাগুলোও।