দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাসাবাড়ির গ্রিল কেটে এবং তালা ভেঙে চুরি করা একটি চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত দুই দিনব্যাপী অভিযান চালিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও জামালপুরসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বরিশাল জেলার মুলাদী উপজেলার আলীমাবাদের শওকত খানের ছেলে আরাফাত খান (১৯) ও মো. রাব্বি খান (২৩), পটুয়াখালীর মৃত শামসু মোল্লার ছেলে সাগর (২৮), ভোলার চরফ্যাশনের শামসুদ্দিনের ছেলে মো. কাশেম (১৯), কুমিল্লার চান্দিনার মৃত সফর মল্লিকের ছেলে মো. গোলাম হোসেন (৪৯), হবিগঞ্জের আজমিরীগঞ্জের মোহাম্মদ হেলালের ছেলে সাইদুল (২৭), ঝালকাঠির নলছিটির মৃত আবুল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (২৬), বরিশালের গৌরনদীর ইসমাঈল শরীফের ছেলে মো. হাসান (২৫), নারায়ণগঞ্জের আড়াইহাজারের সিরাজের ছেলে মিরাজ (৩০) ও ময়মনসিংহের মৃত নূর হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে বাসাবাড়িতে তালা ভেঙে ও গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে এই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজার থেকে চুরির প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তিনি জানান, তারা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, ঢাকায় সংগঠিত হয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে চুরি করে। যে এলাকায় চুরি করে সেখানে আবাসিক হোটেলে গিয়ে থাকেন। তারপর দিনে হোটেল থেকে বের হয়ে ঘুরাফেরা করে ফ্ল্যাট এবং বাসা রেকি করে। কোনো বাসা তালাবদ্ধ দেখলে তার বাইরে কয়েকজন সদস্য পাহারা দেয় বাকি সদস্যরা বাসার তালা বা গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি করে।
তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, নেত্রকোনা জেলা সদর, যশোর জেলার কোতোয়ালি, জামালপুর জেলার সদর, কিশোরগঞ্জ জেলার কোতোয়ালি, ময়মনসিংহ জেলার কোতোয়ালি, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একাধিক চুরির মামলা রয়েছে।
জেবি