দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে অ্যাম্বাসেডর পদমর্যাদাসহ যুক্তরাষ্ট্রের ডেপুটি প্রতিনিধি হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন। বর্তমানে ব্রুস মার্কিন পররাষ্ট্র দফতরের (স্টেট ডিপার্টমেন্ট) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (১০ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ট্যামি ব্রুস, যিনি একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বেস্টসেলিং লেখক, আমাদের পরবর্তী জাতিসংঘের উপ-প্রতিনিধি হবেন।”
ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়ে বলেন, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ব্রুস অসাধারণ কাজ করেছেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের হয়ে চমৎকারভাবে দায়িত্ব পালন করবেন।
মনোনয়নের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জানিয়ে ব্রুস লিখেছেন, “ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প! আমাকে এই পদে মনোনীত করার জন্য কৃতজ্ঞতা জানাই। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে কাজ করা আমার জন্য গর্বের ছিল। এখন নতুন এই পদে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বমঞ্চে ‘আমেরিকা ফার্স্ট’ নেতৃত্ব ও মূল্যবোধ এগিয়ে নেওয়া হবে আমার জন্য একটি আশীর্বাদ।”
ট্যামি ব্রুস সাবেক রেডিও উপস্থাপক, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই তিনি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ব্রুস ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০২২ সালে তিনি ‘লগ কেবিন রিপাবলিকানস’ থেকে ‘স্পিরিট অব লিংকন অ্যাওয়ার্ড’ পান।
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের আই২৪ নিউজে দেওয়া তার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছিলেন, “যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা দেশ, ইসরায়েলের পরেই।” ওই মন্তব্যের পর তিনি সমালোচনার মুখে পড়েন।
ব্রুস ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বৈদেশিক নীতি, যেমন অভিবাসন দমন ও ভিসা বাতিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থান, এবং গাজায় ইসরায়েলের গণহত্যা প্রসঙ্গে প্রশাসনের অবস্থান সমর্থন করেছেন। বিতর্কিত ও সমালোচিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ এর পক্ষেও তিনি সাফাই দিয়েছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে ফক্স নিউজে রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার হিসেবে কাজ করা ব্রুস একাধিক বইয়ের লেখক, যেখানে তিনি উদারপন্থি ও বামঘেঁষা মতাদর্শের কড়া সমালোচনা করেছেন।
এফএইচ/