দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের অবরুদ্ধ নগরী গাজায় ‘নির্বিচারে’ বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে তা যুক্তরাষ্ট্রের চেয়েও আরও বেশি দেশের সমর্থন কামনা করে। দেশটির মিত্র হিসেবে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে এমনকি বিশ্বের বেশির ভাগ অংশই দেশটির সঙ্গে রয়েছে। কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে আরও বলেন, হামাসকে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কারও কোনো দ্বিমত বা প্রশ্ন নেই এবং এমনটা করার সব ধরনের অধিকার ইসরায়েলের রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে গাজায় স্থল অভিযান চালিয়ে হামাসকে ধ্বংস করে জিম্মিদের উদ্ধারের ক্ষেত্রে সব ধরনে সহযোগিতা পাচ্ছে।
বিবৃতিতে নেতানিয়াহু আরও উল্লেখ করেন, ওয়াশিংটন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সব চাপ থেকে ইসরায়েলকে রক্ষা করছে।
এর আগে, গত সোমবার (১১ ডিসেম্বর) রাতে হোয়াইট হাউসে আয়োজিত ইহুদির উৎসব হানুক্কার অনুষ্ঠানে বাইডেন নিজেকে জায়োনিস্ট বলে দাবি করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে, ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ নগরী গাজায় একের পর এক ইসরায়েলি বোমা হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ গেছে ১ হাজার ২০০ মানুষের।
ডিপি/