দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় ব্যবহৃত পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মস্কোর পূর্বে নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে দূরপাল্লার হামলা চালানো হয়েছে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এবং দুটি সু-৩৪ ফাইটার-বোমারু বিমান অচল হয়ে পড়েছে। বিমানগুলো ‘কিছু সময়ের জন্য’ কার্যক্ষমতা হারিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় বাহিনীর কয়েকটি আলোচিত হামলার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। এর আগে লিবিয়ার জলসীমায় রাশিয়ার দুটি জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে দেশটির আরেকটি জাহাজে হামলা চালায় ইউক্রেন। গত সপ্তাহে ধারাবাহিক হামলার পর ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুর সড়ক অংশও ধ্বংস করে ইউক্রেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে শান্তি উদ্যোগ নেওয়া হলেও লড়াই অব্যাহত রয়েছে।
রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলা এবং সম্মুখসারির শহরগুলোতে মস্কোর আক্রমণ বেড়ে যাওয়ায় চাপে রয়েছে কিয়েভ। এ পরিস্থিতিতে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে ইউক্রেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানিয়েছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েক মাসে এ ধরনের ১৬টি উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালানো হয়েছে।
এদিকে শিল্প খাতের সূত্রগুলো চলতি মাসে জানিয়েছে, ইউক্রেনের নতুন করে শুরু করা ড্রোন হামলায় অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতা ৪৫ শতাংশ কমেছে। কিয়েভ জানিয়েছে, মস্কো রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করলেই কেবল ইউক্রেনও এ ধরনের হামলা বন্ধ করবে।
এমএস/