দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালন করেছেন হাজারো শিক্ষার্থী ও শ্রমিক। মজুরি বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং জনসেবামূলক খাতে ব্যয় বৃদ্ধির দাবিতে শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভের ধারাবাহিকতায় ইতালিতে এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে ব্যয় বাড়ানোর প্রতিবাদে একই দিনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কর্মসূচি রয়েছে।
ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার পৃথকভাবে ধর্মঘটের ডাক দেয়। দেশটির বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের আয়োজন করা হয়।
সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
সিজিআইএলের ডাকা ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলার কথা। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে উড়োজাহাজ ও রেল চলাচল সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতায় স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব সীমিত থাকার কথা।
তবে আলাদা একটি রেল ধর্মঘট স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা থেকে শুরু হয়ে শনিবার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।
২০২৭ সালে ইতালিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে মেলোনি সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধিতা ও বিক্ষোভ আরও জোরালো হচ্ছে।
এর আগে গত ৩০ অক্টোবর ইতালিজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন শিক্ষার্থী ও শ্রমিকেরা। সেদিন হাজারো শিক্ষার্থী ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে যোগ দেন। তাঁদের দাবির মধ্যে ছিল শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আবাসন ব্যয় নিয়ন্ত্রণ।
এরপর থেকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও আন্দোলনের অন্যতম দাবিতে পরিণত হয়েছে।
এমজে