দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত করার বিষয়ে পারস্পরিক চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার চীনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘ধারণাটি আমার খুব পছন্দ। কিন্তু একজন প্রেসিডেন্ট হিসেবে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো আমার জন্য খুব কঠিন।’ সফরে তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু করা। তবে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার দ্রুত বাড়াতে থাকা চীন এ বিষয়ে আলোচনায় আগ্রহী নয়।
বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের ২০২৩ সালের হিসাব অনুযায়ী, চীনের কাছে প্রায় ৪১০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। অন্যদিকে, পৃথক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩ হাজার ৭০৮টি ওয়ারহেড থাকার কথা বলা হয়েছে। ২০২৬ সালের মার্চের হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার রাশিয়ার কাছে রয়েছে প্রায় ৫ হাজার ৪২০টি ওয়ারহেড।
চীন দ্রুত তাদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে। পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির কার্যকর পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র সীমিত করার ধারণার সঙ্গে শি জিনপিং একমত। তবে তিনি বলেন, ‘কারও কাছে যখন ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, তখন তাকে বলা যে এর অর্ধেক ছেড়ে দিতে হবে—এটি কঠিন। বিষয়টি মেনে নেওয়াও মানসিকভাবে কঠিন।’
এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি বারবার তুলব, কারণ এটি করা উচিত। তবে মানসিকভাবে এটি কঠিন।’
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, নেতারা আবারও নিশ্চিত করেছেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়। পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার ঠেকাতে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়েও তাঁরা একমত হয়েছেন।
সূত্র: রয়টার্স
এমএস/