দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের পর জ্বালানি থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি থাকে। তাই ব্যবহৃত জ্বালানি বা ‘স্পেন্ট ফুয়েল’ বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবহৃত জ্বালানি বাংলাদেশ থেকে রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। ২০১৭ সালের ৩০ আগস্ট মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, রাশিয়া রূপপুরের ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফিরিয়ে নিয়ে পুনঃপ্রক্রিয়াজাত ও ব্যবস্থাপনা করবে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের সহযোগী প্রতিষ্ঠানে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।
বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত জ্বালানি নির্দিষ্ট সময় পর পরিবর্তন করতে হয়। রূপপুরের চুল্লি থেকে ব্যবহৃত জ্বালানি বের করার পর তা সরাসরি রাশিয়ায় পাঠানো হবে না। প্রথমে কেন্দ্রের ভেতরে বিশেষ শীতলীকরণ পুকুরে (কুলিং পুল) রাখা হবে। সেখানে জ্বালানির তাপ ও তেজস্ক্রিয়তার মাত্রা কমানোর ব্যবস্থা থাকবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রূপপুরে ব্যবহৃত জ্বালানি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত নিরাপদে সংরক্ষণ করা যাবে। এ সময়ের মধ্যে তা রাশিয়ায় পাঠানোর পরিবহনসহ অন্যান্য ব্যবস্থা চূড়ান্ত করার সুযোগ থাকবে।
প্রক্রিয়াজাতকরণের পর তৈরি উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুযায়ী, এ ধরনের বর্জ্য কয়েক শ মিটার গভীরের স্থিতিশীল ভূতাত্ত্বিক স্তরে বিশেষ সংরক্ষণাগারে রাখা যেতে পারে। তবে রূপপুরের ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাত করার পর অবশিষ্ট তেজস্ক্রিয় বর্জ্য রাশিয়ায় কীভাবে চূড়ান্তভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত করা প্রয়োজন।
এমএস/