দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের গ্রিড সংযোগ (এফজিসি) হলো ওই ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া। তবে এর অর্থ এই নয় যে, বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে।
বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা এটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকল্পসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, প্রথম ইউনিটের গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) হলো বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া। আইএইএর নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে নির্ধারিত ধাপে এ কার্যক্রম পরিচালিত হবে।
এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত মেনে প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পুরোপুরি চালু করতে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময়ে রিঅ্যাক্টর, টার্বাইন, জেনারেটরসহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে। ফলে বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহ কখনো কমবে, আবার কখনো বাড়বে।
তবে পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। যদিও এ পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের সাময়িক বন্ধ থাকা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সমন্বয় করে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনাকারী সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের গ্রিড সংযোগ উৎপাদন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। এ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রটির বিভিন্ন প্রযুক্তিগত ও পরিচালনাগত সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি পরবর্তী ধাপে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হবে।
এমএস/