দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুক্রবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের মধ্যে ইতালির বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী ও শ্রমিক। উচ্চ মজুরি, উন্নত জনসেবা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবির পাশাপাশি সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতা করেন তাঁরা।
শ্রমিক সংগঠন ইউনিওনে সিন্ডাকালে দি বেসে (ইউএসবি) ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এর অংশ হিসেবে ৪০টির বেশি শহরে বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়। চলতি মাসের শুরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, দোকানপাটে লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর শুক্রবারের কর্মসূচি পালিত হয়। বেশির ভাগ স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তুরিনে প্রিফেকচার ভবন ঘিরে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনীর দিকে এগিয়ে যান শিক্ষার্থী ও বামপন্থী কর্মীরা। তাঁদের পিছু হটাতে জলকামান ব্যবহার করে পুলিশ।
রাজধানী রোমে কলোসিয়ামের পাশ দিয়ে বড় একটি মিছিল যায়। বিক্ষোভকারীরা জানান, তাঁরা সেখানে তাঁবু স্থাপন করে সপ্তাহান্তজুড়ে অবস্থান করবেন। এ সময় কয়েকটি সড়কে ময়লার বিন ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় বিক্ষোভকারীদের একটি বড় দল পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ইতালির সংবাদ সংস্থা আনসা জানায়, পুলিশের ব্যারিকেড ভাঙার বারবার চেষ্টা করায় আটজনকে আটক করা হয়েছে।
মিলানে বিক্ষোভকারীরা শহরের রিং রোডে মিছিল করেন। পরে পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে আগুনের মশাল দেখা যায়। কয়েকটি বস্তুতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
জেনোয়া বন্দরে প্রায় ১৫ হাজার বন্দরকর্মী, শিক্ষার্থী ও অন্যান্য বিক্ষোভকারী অংশ নেন। ইউরোপের বিভিন্ন স্থানসহ বিশ্বের অন্য এলাকাতেও চলা একই ধরনের বিক্ষোভের সঙ্গে সংহতি জানান তাঁরা। অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহারের বিরোধিতা এবং উপসাগরীয় অঞ্চল থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বিভিন্ন সংঘাতে নাবিকদের প্রাণহানির বিষয়টিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ নানা অসন্তোষকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও আলবেনিয়াতেও সম্প্রতি এমন কর্মসূচি পালিত হয়েছে।
সূত্র: রয়টার্স
এমএস/