দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামলার সময় স্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে ছিল।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার গানজা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘দিনিপ্রোতে রুশ হামলায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনী এমন একটি প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে, যেখানে নিয়মিত চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন ও একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’
দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতভও এ ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে বলেন, ‘একটি বেসামরিক বৈদ্যুতিক ট্রেনে ড্রোন আঘাত হেনেছে।’
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জেট ইঞ্জিনচালিত একটি রুশ ড্রোন দিনিপ্রো রেলস্টেশনে আঘাত হানে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, ৮৬৬ নম্বর দিনিপ্রো থেকে জাপোরিঝঝিয়া রুটের ট্রেনটি তখন একটি প্ল্যাটফর্মে অবস্থান করছিল। সেখানেই হামলাটি হয়।
রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান ওলেক্সান্ডার পেরৎসভস্কি জানান, আগে থেকেই ওই এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে প্ল্যাটফর্মে তখনো অনেক মানুষ ছিলেন।
এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া দেশটির বিভিন্ন স্থানে ট্রেন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলায় শত শত রেল ইঞ্জিন ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকজন রেলকর্মী নিহত হয়েছেন।
ইউক্রেনের বিস্তৃত রেল নেটওয়ার্ক দেশটির যাতায়াতব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দেশটির পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে ট্রেনে যেতে কখনো কখনো ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
/অ