দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি বলেছেন, ইরানের সক্ষমতা ও দৃঢ়তা বারবার পরীক্ষা করা ভুল হবে। ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তার জবাব হবে আগের চেয়ে আরও কঠোর ও বিধ্বংসী।
ইরানের সংবাদ সংস্থা মেহরের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন জেনারেল আবদুল্লাহি।
তিনি বলেন, প্রতিপক্ষের নেতারা যেসব হুমকি ও স্লোগান দিচ্ছেন, সেগুলো বাস্তবায়নের সক্ষমতা থাকলে এত দিনে তা করে ফেলতেন। অতীতের বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রতিবারই ইরানের ইসলামি প্রজাতন্ত্রের পতন, দেশটিকে বিভক্ত করা এবং ধ্বংস করার লক্ষ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইরান এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টকে নিয়েও কটাক্ষ করেন এই ইরানি জেনারেল। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা সম্পর্কে মার্কিন সমাজ এবং অধিকৃত ভূখণ্ডের বাসিন্দারা অবগত। তবে এসব বক্তব্যের পক্ষে তিনি কী প্রমাণ দিয়েছেন, তা প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
আবদুল্লাহি বলেন, ভবিষ্যতে প্রতিপক্ষের কোনো ভুল হিসাব-নিকাশের পরিণতি আরও কঠোর হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার দৃঢ় সংকল্প, জনগণের সমর্থন, কর্মকর্তাদের অঙ্গীকার এবং সশস্ত্র বাহিনীর মনোবল দেশটির প্রতিরোধক্ষমতার মূল ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি দিয়ে জেনারেল আবদুল্লাহি বলেন, পরীক্ষিত বিষয়কে আবার পরীক্ষা করা ভুল। আপনাদের বোকামিপূর্ণ সিদ্ধান্তের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
তিনি আরও সতর্ক করে বলেন, পরবর্তী ‘গর্জন’ হবে আরও কাছ থেকে, আরও বিধ্বংসী এবং প্রতিহত করা বা শনাক্ত করা আরও কঠিন।
তাঁর এই বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইরানের কঠোর অবস্থানের পাশাপাশি ভবিষ্যৎ সংঘাতে আরও শক্তিশালী জবাব দেওয়ার হুমকি উঠে এসেছে। তবে বক্তব্যে উল্লিখিত সামরিক পদক্ষেপের নির্দিষ্ট সময়, লক্ষ্যবস্তু বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তথ্যসূত্রধ পার্সটুডে
কেএম