দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক সর্বভারতীয় ছাত্র সংগঠন আইসার প্রধান নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। একই ঘটনায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে।
শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তাদের আটক করে দিল্লি পুলিশ। শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দিপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটকসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়।
অভিজিৎ দিপকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হলেও তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।
মুক্তির পর নেহা বোরা অভিযোগ করেন, বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সাধারণ নাগরিকদের মনে ভয় সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নেহা বলেন, চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের আটক করে পরদিন সকালে বা সন্ধ্যায় ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে। তিনি নিজেও এ ধরনের আটকের উদ্দেশ্য এবং সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টিতে এর ব্যবহার প্রত্যক্ষ করেছেন বলে জানান।
অভিজিৎ দিপকে ও আটক অন্য বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন নেহা। তার ভাষ্য, তারা জবাবদিহি ও ভোটাধিকার দাবি করা সাধারণ নাগরিক। তাদের আটক করে রাতভর থানায় রাখার কোনো যৌক্তিকতা নেই।
এর আগে শুক্রবার ককরোচ জনতা পার্টি ও সর্বভারতীয় ছাত্র সংগঠন আইসা অভিযোগ করেছিল, আটক নেতাদের আইনজীবী ও সহযোগীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ককরোচ জনতা পার্টির দাবি ছিল, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, আইসার অভিযোগ ছিল, নেহা বোরাকে মঙ্গোলপুরীর মাদকবিরোধী বিশেষ বাহিনীর কার্যালয়ে একা আটকে রাখা হয়েছিল।
সূত্র: এডিটিভি
/অ