দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের রাজধানী সানায় ইয়েমেন অয়েল কোম্পানির সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার সম্ভাব্য সামরিক অভিযানের আগে এ নির্দেশ দেওয়া হয়। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা বলেছে, সানায় হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর জবাব দেওয়া হবে।
সৌদি নেতৃত্বাধীন জোটের যৌথ বাহিনীর কমান্ড এক বিবৃতিতে মানচিত্রের মাধ্যমে স্থাপনাটির অবস্থান চিহ্নিত করে। এতে নিজেদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, সানায় যেকোনো হামলার জবাব দেওয়া হবে কঠোর ও যন্ত্রণাদায়কভাবে। একই সঙ্গে সৌদি আরামকোর তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদেরও সরে যেতে এবং ওই এলাকা এড়িয়ে চলতে বলেছে হুতিরা। এসব স্থাপনাকে নিজেদের বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
গত সপ্তাহ থেকে সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হুতিদের হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রভাবও ইয়েমেনের এই লড়াইয়ে পড়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে হুতিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে সৌদি আরব। গত মাসে লোহিত সাগর উপকূলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখল করার পর গোষ্ঠীটির বিরুদ্ধে ইয়েমেন সরকারের পাল্টা সামরিক অভিযানেও সমর্থন দিচ্ছে রিয়াদ।
সংঘাতের প্রভাবে সৌদি আরবে বিমান চলাচল ব্যাহত হয়েছে। শনিবার হুতিদের দাবি করা এক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে রিয়াদ বিমানবন্দর বন্ধ রয়েছে। নতুন করে তেল স্থাপনাকে ঘিরে পাল্টাপাল্টি হুমকিতে অঞ্চলটিতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
এমএস/