দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে যোগ দিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন অভিনেতা ইমরান খান। পরে মুক্তি পেলেও বাড়ি ফেরার পথে নতুন বিপত্তির মুখে পড়েন তিনি। পুলিশের বিরুদ্ধে গাড়ি বা অন্য কোনো যানবাহন ভাড়া করে বাড়ি ফেরার সুযোগ না দেওয়ার অভিযোগ করেছেন তার প্রেমিকা লেখার ওয়াশিংটন।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে এ ঘটনা ঘটে। ভারতের নাগরিক অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন সিজেপির বিক্ষোভের আহ্বানে সমর্থন জানিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ইমরান। তার সঙ্গে ছিলেন লেখার ওয়াশিংটন ও চাচাতো বোন জেইন মারি খান। পরে তাদের আটক করে মুম্বাই পুলিশ।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন লেখার ও জেইন। পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেন জেইন। সেখানে ইমরান ও লেখারের সঙ্গে তাকে বসে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’। ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক ভঙ্গিতে হাত দেখাতে দেখা যায়।
অন্যদিকে, নিজের প্রকাশ করা একটি ভিডিওতে লেখার অভিযোগ করেন, পুলিশ তাদের বাড়ি যেতে দিচ্ছে না। রাস্তায় হাঁটতে হচ্ছে এবং বাড়ি ফেরার জন্য কোনো গাড়ি বা অন্য যানবাহন নিতে দেওয়া হচ্ছে না। আরেকটি ভিডিওতে তিনি জানান, তারা সবাই নিরাপদে আছেন, ভালো আছেন এবং বাড়ির পথে রয়েছেন।
পুলিশের গাড়িতে বসে জেইন একটি ভিডিও ধারণ করেন। সেখানে তিনি ইমরানকে জিজ্ঞাসা করেন, তিনি কখনো কারাগারে গেছেন কি না। উত্তরে ইমরান হাসিমুখে বলেন, বর্তমান পরিস্থিতিতে এবার যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান জানান, নির্দিষ্ট কোনো দাবি নিয়ে তিনি বিক্ষোভে অংশ নেননি। মুম্বাইয়ের একজন নাগরিক হিসেবে মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে, তা বুঝতে তিনি সেখানে গিয়েছিলেন।
ইমরান বলেন, ‘আমার কোনো দাবি নেই। আমি এই শহরের একজন বাসিন্দা হিসেবে এখানে এসেছি। মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে, মানুষের কণ্ঠ কেন রোধ করা হচ্ছে, তা দেখতে এসেছি। এ কারণেই আমি এখানে।’
তিনি আরও বলেন, কোনো সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত অবস্থান থেকেই তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন। মানুষের কাছে কোনো কিছু দাবি করার অধিকার তার নেই বলেও মন্তব্য করেন তিনি।
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ ঘিরে চার শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিজেপির বিক্ষোভের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আজাদ ময়দান ছাড়া অন্য কোথাও বিক্ষোভের অনুমতি দেওয়া যায় না।
তবে সিজেপির কর্মীরা দাবি করেছেন, তারা বিক্ষোভের অনুমতি চেয়ে মুম্বাই পুলিশকে ই-মেইল করেছিলেন, কিন্তু কোনো জবাব পাননি।
/অ