দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার চর বানিয়ারী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা (৪৫), তাঁর স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ছেলে রাব্বি মোল্লা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে আস্থা অর্জন করে একটি চক্র। পরে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপসহ সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় তারা। চক্রটির প্রলোভনে পড়ে উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা তাদের হাতে টাকা তুলে দেন। একপর্যায়ে বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় চক্রটি। বিষয়টি জানাজানি হলে রোববার রাতে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ নিয়ে কাউখালী থানায় যান।
ভুক্তভোগীরা জানান, চক্রটির মূল হোতা শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেন। এ ঘটনায় চক্রের প্রধান সহযোগী ফাহিমা এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যান।
ঘটনার পর কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধাওয়া করে চক্রটির তিন সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের কাউখালী থানায় সোপর্দ করা হয়। থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামালের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন বলে জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রতারক চক্র সুকৌশলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামে এক ব্যক্তির মাধ্যমে সাত লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। প্রতারক চক্রের তিন সদস্যকে স্থানীয়দের সহায়তায় আটক করে কাউখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড, টিউবওয়েলসহ বিভিন্ন সুবিধা স্বল্পমূল্যে পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র কয়েক দিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রোববার রাতে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। চক্রের অন্য সদস্যরা এখনো পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা করে সোমবার আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানান, প্রতারণার অভিযোগে শতাধিক ভুক্তভোগী থানায় জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে তিনি সেখানে যান। ভুক্তভোগীদের অভিযোগ শোনার পর প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
এমএস/