দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের কানাইঘাটে আটকের পর পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
গতকাল রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কানাইঘাট থানার সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) বিবৃতি দিয়ে কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মুলাগুল বাজার থেকে ছাত্রলীগ নেতা শাহেদ রানা (২৪) ও সাদেক আহমদকে (২০) আটক করে পুলিশ। তাঁদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা বাধা দেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় তাঁদের ছিনিয়ে নেওয়া হয়।
তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে শাহেদ রানাকে আটক করতে গিয়েছিল পুলিশ। কিন্তু স্থানীয়রা বাধা দিলে তাঁকে আটক করা সম্ভব হয়নি। হাতকড়া পরানো অবস্থায় তাঁকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এদিকে, সোমবার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে আফসর হোসেনকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে গত ৯ নভেম্বর সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ।
এমএস/