দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে শুক্রবার। প্রতিবছর বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। তবে কারা মনোনয়ন পেয়েছেন, সেই পূর্ণ তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। তাই এ বছর কারা মনোনীত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যাচ্ছে না।
এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন রয়েছে। মনোনয়নের তালিকা নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের নিচতলায় একটি ভল্টে সংরক্ষিত থাকে।
তবে মনোনয়নদাতারা চাইলে নিজেদের পছন্দের নাম প্রকাশ করতে পারেন। বিশ্বজুড়ে কয়েক হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব করতে পারেন।
ট্রাম্প কি মনোনীত?
কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। তবে তারা সত্যিই মনোনয়ন দিয়েছেন কি না, তা স্বাধীনভাবে যাচাই করার সুযোগ নেই।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প মনোনীত হয়ে থাকলেও এবারের পুরস্কার জয়ের সম্ভাবনা খুব কম।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কারা?
এবার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক বিচার আদালত এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজের নাম আলোচনায় রয়েছে।
এ ছাড়া সুদানের গৃহযুদ্ধের মধ্যে সাধারণ মানুষের জন্য সহায়তা দেওয়া বিভিন্ন কমিউনিটি সংগঠনের সমন্বিত নেটওয়ার্ক ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ এবং সংঘাতকবলিত শিশুদের জন্য কাজ করা বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছে।
আলোচনার বাইরে থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নামও রয়েছে। বিশ্বের বিরোধপূর্ণ দেশগুলোও কীভাবে একটি প্রকল্পে একসঙ্গে কাজ করতে পারে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে তার উদাহরণ হিসেবে দেখা হয়। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ একসঙ্গে কাজ করে।
কারা সিদ্ধান্ত নেন?
নরওয়েজিয়ান নোবেল কমিটির পাঁচ সদস্য নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করেন। নরওয়ের পার্লামেন্ট এসব সদস্য নিয়োগ দেয়। কমিটির সদস্যরা প্রায়ই অবসরপ্রাপ্ত রাজনীতিক হলেও সবাই যে রাজনীতিক হন, এমন নয়।
বর্তমান কমিটির নেতৃত্বে রয়েছেন নরওয়ের পেন ইন্টারন্যাশনালের শাখার প্রধান। এই সংগঠন মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করে। কমিটির আরেক সদস্য একজন শিক্ষাবিদ।
নরওয়ের রাজনৈতিক দলগুলো সদস্যদের মনোনীত করে এবং পার্লামেন্টে দলগুলোর শক্তির ভারসাম্যের প্রতিফলন থাকে কমিটিতে।
কারা পুরস্কার পেতে পারেন?
সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল অনুযায়ী, যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত বা কমানো এবং শান্তি সম্মেলন প্রতিষ্ঠা ও প্রচারে সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো কাজ করেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য উপযুক্ত।
তবে পুরস্কার নির্ধারণের ক্ষেত্রে বর্তমান বিশ্বের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়। নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, বিশ্বে কী ঘটছে, বৈশ্বিক প্রবণতা কী এবং বড় উদ্বেগগুলো কী, সেসব বিবেচনা করা হয়। কোনো নির্দিষ্ট শান্তি প্রক্রিয়া থেকে শুরু করে নতুন ধরনের আন্তর্জাতিক চুক্তির মতো বিষয়ও এর আওতায় আসতে পারে।
কারা মনোনয়ন দিতে পারেন?
বিশ্বের কয়েক হাজার ব্যক্তি নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব করতে পারেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের সরকার ও পার্লামেন্টের সদস্য, বর্তমান রাষ্ট্রপ্রধান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপকরা রয়েছেন। সাবেক নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাও মনোনয়ন দিতে পারেন।
এবার মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। নোবেল কমিটির সদস্যরাও নিজেদের প্রার্থী মনোনীত করতে পারেন। তবে তা ফেব্রুয়ারিতে কমিটির প্রথম বৈঠকের মধ্যে করতে হয়।
কীভাবে বিজয়ী নির্বাচন করা হয়?
প্রথমে কমিটি সব মনোনয়ন নিয়ে আলোচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। এরপর প্রতিটি প্রার্থীর বিষয়ে স্থায়ী উপদেষ্টা ও অন্যান্য বিশেষজ্ঞরা মূল্যায়ন ও পর্যালোচনা করেন।
কমিটি সাধারণত মাসে একবার বৈঠক করে মনোনয়ন নিয়ে আলোচনা করে। কমিটির সচিব হারপভিকেনের মতে, সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজয়ী নির্বাচনে কমিটি প্রথমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে। ঐকমত্য না হলে সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নেওয়া হয়।
পুরস্কার হিসেবে কী পান বিজয়ী?
নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী পান একটি স্বর্ণপদক, একটি সনদ এবং ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যার মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার। এর পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতিও পান পুরস্কারজয়ী।
কবে ঘোষণা ও পুরস্কার বিতরণ?
এবার নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা দেওয়া হবে ৯ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে। কমিটির চেয়ারম্যান বিজয়ীর নাম ঘোষণা করবেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর অসলো সিটি হলে। দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।
/অ