দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াতসহ পাঁচটি রাজনৈতিক দলের ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচটি রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ও চূড়ান্ত প্রার্থী সংখ্যা জানা যাবে।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
এমএস/