দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেক্সিকোর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাসিন্দারা শক্তিশালী হারিকেন পোলো মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সময় সোমবারের শেষ দিকে অথবা মঙ্গলবার ভোরে ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ক্যাটাগরি-৩ মাত্রার হারিকেন পোলোর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার। ঝড়টি জনপ্রিয় পর্যটন অঞ্চল বাজা ক্যালিফোর্নিয়া সুরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে। এ অঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্র লস কাবোস।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, হারিকেনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বিশেষ করে পাহাড়ি ও ঢালু এলাকায় প্রাণঘাতী আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
ঝড়ের আশঙ্কায় রোববার থেকেই স্থানীয় বাসিন্দারা খাবার, পানীয় জলসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন।
এনএইচসি জানিয়েছে, হারিকেন পোলো উপকূলে শক্তিশালী জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে। এর সঙ্গে বড় ও ধ্বংসাত্মক ঢেউও আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রাকৃতিক পাথরের খিলানের জন্য পরিচিত পর্যটন শহর কাবো সান লুকাসে সৈকতে প্রবেশ সীমিত করেছে কর্তৃপক্ষ। শহরটির কিছু রেস্তোরাঁও বন্ধ রাখা হয়েছে। খেলাধুলার উদ্দেশ্যে মাছ শিকার ও তিমি দেখার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় এই শহরে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাজা ক্যালিফোর্নিয়া সুরের আঞ্চলিক সরকার সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গভর্নর ভিক্টর ম্যানুয়েল কাস্ত্রো কোসিও জানিয়েছেন, প্রয়োজন হলে বাসিন্দাদের সরিয়ে নিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ফেডারেল কর্তৃপক্ষও প্রস্তুতি হিসেবে নৌবাহিনী ও সেনাবাহিনীর হাজারো সদস্য মোতায়েন করেছে। তাদের সঙ্গে বিশেষায়িত উদ্ধার ও ভারী যন্ত্রপাতিও প্রস্তুত রাখা হয়েছে।
হারিকেন পোলো ধীরে ধীরে মেক্সিকোর উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়াবিদদের মতে, এল নিনো জলবায়ু পরিস্থিতির প্রভাবে সমুদ্রের অস্বাভাবিক উষ্ণ পানি ঝড়টিকে শক্তি জোগাচ্ছে।
সূত্র: বিবিসি
এমএস/