দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউইয়র্কের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক সাংবাদিকের সংক্ষিপ্ত কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা জেলেনস্কিকে মস্কো সফর নিয়ে বারবার প্রশ্ন করেন ওই সাংবাদিক। জবাবে জেলেনস্কি বলেন, ‘ক্ষেপণাস্ত্রে।’
ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের ঘেরাটোপে নিউইয়র্কের রাস্তায় যাওয়ার সময় রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকের সাংবাদিক ভ্যালেন্তিন বোগদানভ জেলেনস্কিকে বারবার জিজ্ঞেস করেন, তিনি কবে মস্কো যাবেন। প্রথমে জেলেনস্কি কোনো জবাব না দিলেও পরে ঘুরে সংক্ষিপ্ত জবাব দেন, ‘ক্ষেপণাস্ত্রে।’
জেলেনস্কির ওই মন্তব্য নিয়ে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলেনস্কি মস্কো যাওয়ার সম্ভাবনা নাকচ করেননি। পেসকভের ভাষ্য, তিনি এমন কিছু শোনেননি যে জেলেনস্কি মস্কো যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
মস্কোতে বৈঠকের বিষয়টি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থান ভিন্ন। রুশ পক্ষ মস্কোকে সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে তুলে ধরলেও জেলেনস্কি এর আগে নিরপেক্ষ কোনো স্থানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা চলতি সপ্তাহে বলেছেন, ইউক্রেন পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং রাশিয়াকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার পেসকভ বলেন, রাশিয়া শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়ার জন্য উন্মুক্ত। তবে মস্কো সাময়িক যুদ্ধবিরতির বদলে দীর্ঘমেয়াদি শান্তিকে প্রাধান্য দেয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন জেলেনস্কি ও ইউক্রেনীয় প্রতিনিধিদল। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এসব বৈঠক শেষে জেলেনস্কিসহ প্রতিনিধিদল কিয়েভে ফেরার পথে রয়েছে।
সূত্র: সিএনএন
/অ