দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জার্মানির বার্লিন রাজ্য নির্বাচনে জয় পেয়েছে বামপন্থী দল দ্য লেফট পার্টি। রোববারের (২০ সেপ্টেম্বর) নির্বাচনে দলটির এই জয় দেশটির ক্ষমতাসীন জোটের জন্য আরেকটি নির্বাচনী ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই দিনে পূর্ব জার্মানির মেকলেনবুর্গ-ভোরপোমার্ন রাজ্য নির্বাচনে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)।
বার্লিন নির্বাচনে লেফট পার্টির প্রধান প্রার্থী এলিফ এরাল্প আবাসন ব্যয়কে প্রচারের অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরেন। নির্বাচনের পর তিনি বেসরকারি আবাসন সংস্থাগুলোর মালিকানাধীন বড় অংশের আবাসন রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ভোট গণনা চলতে থাকলেও ফলাফলের প্রাথমিক হিসাবে দেখা যায়, লেফট পার্টি পেয়েছে ২৫ দশমিক ৩ শতাংশ ভোট। ক্ষমতাসীন চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পেয়েছে ১৯ শতাংশ। এএফডি পেয়েছে ১৬ শতাংশ এবং মধ্য-বাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) পেয়েছে ১২ দশমিক ১ শতাংশ ভোট।
এ ফল লেফট পার্টির আগের নির্বাচনী ফলাফলের তুলনায় প্রায় দ্বিগুণ। এর ফলে ৩৬ বছর আগে পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির উত্তরসূরি হিসেবে গড়ে ওঠা দলটি প্রথমবারের মতো বার্লিনের মেয়র পদে তাদের প্রার্থীকে বসানোর সুযোগ পেয়েছে।
দলীয় কর্মীদের উদ্দেশে এলিফ এরাল্প বলেন, আজ থেকে আমরা একসঙ্গে বার্লিনকে পরিবর্তন করছি।
ভোট শেষ হওয়ার পর ৪৫ বছর বয়সী এরাল্প বলেন, রাজধানীতে ক্রমেই কঠিন হয়ে ওঠা ভাড়ার পরিস্থিতি সবচেয়ে বড় সামাজিক সমস্যা। ১৯৮০ সালে তুরস্কে একটি অভ্যুত্থানের পর জার্মানিতে পালিয়ে আসা বামপন্থী তুর্কি বাবা-মায়ের সন্তান এরাল্প আবাসন সংস্থাগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার মাধ্যমে বার্লিন থেকে আবাসন নিয়ে জল্পনা-কল্পনা দূর করার প্রতিশ্রুতি দেন।
২০২১ সালের এক গণভোটে বার্লিনের ৫৮ শতাংশ ভোটার বড় আবাসন সংস্থাগুলোর মালিকানাধীন সম্পত্তি জাতীয়করণের পক্ষে মত দিয়েছিলেন। এরাল্প সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে প্রায় ২ লাখ ২০ হাজার আবাসিক ইউনিট রাষ্ট্রীয় মালিকানায় যেতে পারে। তবে এটি বাস্তবে কার্যকর হবে কি না, তা এখনো অনিশ্চিত।
এসপিডির মহাসচিব টিম ক্লুসেনডর্ফ দাবি করেছেন, আবাসন সংস্থাগুলোকে জাতীয়করণ করতে প্রায় ২০ বিলিয়ন ইউরো খরচ হতে পারে। ইনফ্রাটেস্ট ডিমাপের এক জরিপেও দেখা গেছে, মাত্র ৩৭ শতাংশ মানুষ এই নীতির পক্ষে রয়েছেন।
নির্বাচনে জয় পেলেও এরাল্পের সামনে জোট গঠনে নানা বাধা রয়েছে। এসপিডি ও পরিবেশবাদী গ্রিনস লেফট পার্টির সঙ্গে জোটে যেতে আগ্রহ প্রকাশ করেছে। তবে গ্রিনস নেতা ফেলিক্স বানাসজাক বলেছেন, লেফট পার্টির বার্লিন শাখার কিছু অংশের বিরুদ্ধে ওঠা ইহুদিবিদ্বেষের অভিযোগের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, ইহুদিবিদ্বেষ মোকাবিলায় স্পষ্ট অঙ্গীকার প্রয়োজন, তা না হলে তাদের সঙ্গে কাজ করা সম্ভব হবে না। লেফট পার্টি দলীয়ভাবে ইহুদিবিদ্বেষের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দলটির দাবি, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ ও যৌনবাদসহ মানুষের গোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে সব ধরনের বিদ্বেষের বিরোধিতা করে তারা।
সূত্র: রয়টার্স
এমএস/