দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটরিয়ামে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হলেও আজ থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে এ কর্মসূচি চালু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে দেশের বাকি অংশেও এই কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, ‘৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে এই আত্মঘাতী রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।’ একই সঙ্গে প্রতিটি এলাকায় টিকাদান কার্যক্রম পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
হাম-রুবেলা নিয়ন্ত্রণে থাকলেও সামনে ডেঙ্গুর ঝুঁকি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সামনেই ডেঙ্গুর ধাক্কা আসতে পারে, এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’ মশা নিধনে ব্যবহৃত ওষুধের সঠিক মান ও মিশ্রণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘হামের বিস্তার রোধে আইসোলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ আইসোলেশন ও চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি আহমেদ জামশেদ মোহামেদ এবং ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমানুয়েল অ্যাব্রিউক্স বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘হামের প্রাদুর্ভাব হঠাৎ সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।’
দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত ইপিআই কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এমআর টিকা দেওয়া হবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এমএস/