দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩০৮ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭৫ জন, আর ঢাকার বাইরের এক হাজার ৪৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৬ জন ঢাকা সিটির এবং একজন ঢাকার বাইরের বাসিন্দা।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ২৩ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ হাজার ২১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৭৮৭ জন।
এছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩ হাজার ৭৬৬ জন এবং ঢাকার বাইরের ৬১ হাজার ৭১ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
জেডএ