দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তির আগেই বাণিজ্যিকভাবে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, ছবিটির দুই পর্বের সব ভাষার সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি টাকায় কিনে নিয়েছে টি-সিরিজ।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ এই স্বত্ব কিনেছে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের সব ভাষার সংগীতস্বত্ব এই চুক্তির আওতায় রয়েছে। স্বত্ব কেনার দৌড়ে টি-সিরিজের পাশাপাশি সনি মিউজিকও ছিল। শেষ পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকার বিনিময়ে টি-সিরিজ চুক্তিটি সম্পন্ন করে। এ অর্থ ফেরতযোগ্য অগ্রিম হিসেবে দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মাধ্যমে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে আগের আলোচিত একটি রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। চলতি বছর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সংগীতস্বত্ব নিয়ে ৫০ থেকে ৬৫ কোটি টাকার চুক্তির খবর প্রকাশিত হলেও পরে নির্মাতা পক্ষ জানায়, প্রকৃত চুক্তির মূল্য ছিল ৩০ কোটি টাকা।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে প্রকাশ করা হয়েছে ‘রামায়ণ’-এর ট্রেলার।
ছবিটির সংগীতও দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। প্রথমবারের মতো একই প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন হলিউডের খ্যাতিমান সুরকার হ্যান্স জিমার ও ভারতের এ আর রাহমান।
‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিংসহ আরও অনেকে।
নির্মাতাদের দাবি, বড় বাজেটের এই সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এমএম/