দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া টিভিকে প্রধান বিজয় রাজ্য সরকার গঠনে কংগ্রেসের সমর্থন চেয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।
তিনি বলেন, কংগ্রেসের তামিলনাড়ু ইউনিট আগামীকাল বুধবার (৬ মে) সকালে চেন্নাইয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে দলটি রাজ্যে বিজেপির সরকার চায় না, কারণ তাদের মতে জনগণের রায় ‘ধর্মনিরপেক্ষ সরকারের’ পক্ষেই গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য শাখাকে এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছে। একই সঙ্গে নতুন সরকারে আরও কিছু দল যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে কংগ্রেসের তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর নিশ্চিত করেন, বিজয় কংগ্রেস সভাপতির কাছে লিখিতভাবে সমর্থন চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি। আমাদের ফলাফল খুব ভালো হয়নি, তরুণ ও নারীদের মধ্যে বিজয়ের প্রতি বড় ধরনের সমর্থন দেখা গেছে। রায় এসেছে ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষেই।’
নির্বাচনে টিভিকে ১০৮ আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যা কোনো দলই অর্জন করতে পারেনি। ফলে রাজ্যে জোট গঠন নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।
বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নানা বাধা ও সমালোচনা অতিক্রম করে তারা এই অবস্থানে এসেছে। তিনি দাবি করেন, দলটি একা দাঁড়িয়ে জনগণের ওপর আস্থা রেখে এগিয়েছে এবং তামিলনাড়ুর জনগণ তাদের পাশে থেকেছে।
তিনি আরও বলেন, টিভিকের এই অর্জন শুধু রাজনৈতিক জয় নয়, বরং গণতন্ত্রেরও জয়। তামিলনাড়ুর জনগণকে তিনি আজীবন কৃতজ্ঞতা জানান।
/অ