দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা ভুয়া আইডি ও পেজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নব্বইয়ের দশক থেকে নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। তবে সম্প্রতি পরিচিতজনদের মাধ্যমে জানতে পারেন, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে নিয়মিত পোস্ট, ছবি আপলোড এবং নানা ধরনের মন্তব্য করা হচ্ছে।
এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, ফেসবুকে তার একমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলেও তিনি পরিষ্কারভাবে জানান।
ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। অনুমতি ছাড়া তার ছবি পোস্ট করা বা তার নামে মিথ্যা প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।
সাদিয়া ইসলাম মৌ আরও জানান, বিষয়টি ইতোমধ্যে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে সামনে আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় ভক্ত ও শুভানুধ্যায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুয়া আইডি বা পেজের সঙ্গে যুক্ত হয়ে কেউ যেন বিভ্রান্ত বা প্রতারিত না হন। আবারও তিনি জোর দিয়ে বলেন, তার কোনো ফ্যান পেজ কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।
জে আই