দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রামীণ রাজনীতির বাস্তবতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং তার মাঝখানে গড়ে ওঠা প্রেম এই সবকিছু মিলিয়েই নির্মিত হয়েছে নতুন নাটক ‘জনম জনমে’। পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে এক বর্তমান উপজেলা চেয়ারম্যান ও তার সাবেক প্রতিদ্বন্দ্বীকে ঘিরে। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও তীব্র হয়। এই রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে দুই পরিবারের সন্তানরাও। একজনের ছেলে ও অন্যজনের মেয়ের ভূমিকায় দেখা যাবে ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে।
রায়হান মাহামুদের রচনায় এবং মো. তৌফিকুল ইসলাম-এর নির্মাণে নাটকটি প্রযোজনা করেছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ আরও অনেকে।
নাটকটি নিয়ে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, এটি রাজনীতি ও প্রেমের সংমিশ্রণে তৈরি একটি থ্রিলারধর্মী গল্প। গল্পের চমক নষ্ট হতে পারে ভেবে আগেই খুব বেশি কিছু বলতে চাই না। তবে দর্শক নাটকটি দেখলে রাজনীতির ভিন্ন একটি রূপ দেখতে পাবেন।
গল্পের শুরুতে দেখা যায়, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন ও সাবেক চেয়ারম্যান মোতালেব মিয়া একই এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করেন। বাইরে থেকে সম্পর্ক স্বাভাবিক মনে হলেও ভেতরে জমে থাকে চাপা বিরোধ। নির্বাচনের মাঠে মনোনয়ন যুদ্ধ ঘিরে সেই বিরোধ প্রকাশ্যে আসে। আলতাফ হোসেনের ছেলে পুলক ও মেয়ে নিদ্রা বাবার হয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত থাকে। নিদ্রা ও পুলকের মধ্যে সম্পর্ক এতটাই বৈরী যে এলাকাবাসী তাদের সংঘাতে অতিষ্ঠ হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে এলাকার নিরপেক্ষ ও সম্মানিত এক ব্যক্তির শরণাপন্ন হয় সাধারণ মানুষ। ফজলুর রহমান বাবু অভিনীত এই চরিত্রটির হস্তক্ষেপ থেকেই নাটকের গল্প নতুন মোড় নেয় এবং ধীরে ধীরে উন্মোচিত হয় মূল সংঘাত ও প্রেমের সমীকরণ।
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, জাতীয় নির্বাচনের আগেই নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।
তিনি বলেন, এই নাটকের গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটি গ্রামীণ প্রেমের গল্প। তবে গল্পে নির্বাচনের আবহ থাকায় এই সময়টাকে মুক্তির জন্য উপযুক্ত মনে করেছি।
জে আই