দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’–এর মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের ঠিক আগের দিন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির দিন নিজেই ঘোষণা করেন শাহরুখ খান। টিজার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে, উচ্ছ্বাসে মেতেছেন কিং খানের ভক্তরা।
প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কিং’ শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর প্রধান কারণ এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার কন্যা সুহানা খানকে। বাবা-মেয়ের এই অভিনয় জুটি দর্শকদের কৌতূহল ও আগ্রহকে নতুন মাত্রা দিয়েছে।
ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ, রহস্যময় ও ভয়ংকর আততায়ীর চরিত্রে, আর সুহানা খান অভিনয় করবেন তার শিষ্যার ভূমিকায়। খলনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।
এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি। এক ছবিতে এত তারকার সমাবেশ দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
‘কিং’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘জওয়ান’ খ্যাত জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। দক্ষিণী সিনেমায় আধুনিক ও ব্যতিক্রমী সংগীতের জন্য যিনি ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
অ্যাকশন ও স্টাইলের মেলবন্ধনে সিনেমাটি পরিচালনা করছেন ‘পাঠান’ ও ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। তার নির্দেশনায় শাহরুখ খান মানেই দর্শকদের জন্য বিশেষ কিছু এমন বিশ্বাস থেকেই সিনেমাটি নিয়ে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী।
সব মিলিয়ে, মুক্তির এক বছর আগেই ‘কিং’ বলিউডে আলোচনার শীর্ষে। বড়দিনে দর্শকদের জন্য এটি যে হতে যাচ্ছে একটি বড় চমক, তা বলাই বাহুল্য।
জে আই