দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে আসন্ন সিনেমা ‘কিং’-এ। সিনেমাটির একটি জমকালো গানের দৃশ্যে অংশ নেওয়ার কথা রয়েছে দুই তারকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে গানটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা।
গানটির নাচের নির্দেশনায় থাকার কথা বৈভবী মার্চেন্টের। এতে সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদেরও দেখা যেতে পারে। তবে গানটির নাম, সুরকার ও অন্যান্য সৃজনশীল সহযোগীর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে শাহরুখ ও দীপিকার পর্দার জুটি গড়ে ওঠে। ফারাহ খান পরিচালিত এই সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় দীপিকার। প্রথম সিনেমাতেই শাহরুখের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কাড়েন তিনি।
এরপর ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাতেও দেখা যায় এই জুটিকে। প্রেম, হাস্যরস ও অ্যাকশনধর্মী গল্পে তাদের অভিনয় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটির চিত্রনাট্যে তাঁর সঙ্গে রয়েছেন সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পাণ্ড্য। প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা শাহরুখকন্যা সুহানা খানের।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।
শাহরুখের সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘ডানকি’। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পায়। একই বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—তিনটি সিনেমা মুক্তি পায় তাঁর। এবার ‘কিং’ সিনেমায় শাহরুখ-দীপিকার পুনর্মিলন ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
এমএম/