দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে নিজের জায়গা পাকা করেছেন বলিউড তারকা আলিয়া ভাট। ক্যারিয়ারের শীর্ষ সময়ে দাঁড়িয়েও মাতৃত্বকে কখনোই নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি তিনি। সন্তান জন্মের পর দ্রুত কাজে ফেরা, এমনকি গর্ভাবস্থাতেই হলিউডের প্রথম সিনেমার শুটিং শেষ করে আলিয়া প্রমাণ করেছেন মা হওয়া মানেই ক্যারিয়ার থেমে যাওয়া নয়।
তবে সফল এই যাত্রাপথের মাঝেই নিজের জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান, এখন থেকে তিনি বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না। মাতৃত্বই তার এই সিদ্ধান্তের মূল কারণ।
আলিয়ার ভাষায়, মা হওয়ার পর তার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কন্যা রাহার জন্মের পর থেকেই তিনি কাজের গতি কিছুটা ধীর করেছেন। আগের মতো একসঙ্গে একাধিক সিনেমাতে কাজ করার ইচ্ছা আর নেই তার। বরং এখন একটি ছবিতে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
কাজ কমানোর বিষয়ে আলিয়া বলেন, এখন আমার কাজের পরিমাণ ও গতি বদলে গেছে, কারণ আমার একটি সন্তান আছে। এতে আমি খুবই সুখী। আগে একসঙ্গে দুই-তিনটি সিনেমাতে কাজ করতাম, কিন্তু এখন আমি এক সময়ে একটি ছবিতেই পুরো মনোযোগ দিতে চাই।
মা হওয়ার পর অ্যাকশনধর্মী সিনেমায় কাজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন আলিয়া। আসন্ন সিনেমা ‘আলফা’-তে অ্যাকশন দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, মা হওয়ার পর অ্যাকশন করা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। এতে আমি বুঝতে পেরেছি, আমার শরীর আসলে কত কিছু করতে সক্ষম। এটি আমার জন্য একেবারেই নতুন শেখার সুযোগ।
বর্তমানে আলিয়ার হাতে রয়েছে দুটি বড় প্রজেক্ট। শিব রাওয়ালের পরিচালনায় স্পাই ইউনিভার্সের সিনেমা ‘আলফা’-তে তিনি অ্যাকশনভরা চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শর্বরী ও ববি দেওল। সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় নির্মাণাধীন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও দেখা যাবে আলিয়াকে। এই সিনেমাতে তার সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। ছবিটি ২০২৬ সালেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জে আই