দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ সময় পর আবারও শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমনি। ফের শুরু হতে যাচ্ছে বৃটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’-এর থেমে থাকা কাজ। সিনেমাটিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন পরীমনি।
ছবিটির নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলে সিনেমার বাকি অংশের শুটিং শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে নির্মাতা লেখেন, এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। এর জবাবে পরীমনি মন্তব্য করেন, আমিও প্রস্তুত আছি।
নির্মাতা সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ শুরু হয়েছিল। সে সময় প্রায় ৩০ শতাংশ শুটিং সম্পন্ন হয়, যার বেশির ভাগই ঢাকায় ধারণ করা হয়েছিল। পরবর্তীতে পরীমনির মাতৃত্বকালীন বিরতি এবং নানা জটিলতার কারণে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়।
তবে এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আবারও কাজে নামতে যাচ্ছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এদিকে, পরীমনির আরেকটি নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি তার মাতৃত্বকালীন বিরতির পর প্রত্যাবর্তনের সিনেমা এবং সরকারি অনুদানে নির্মিত। ছবিটিতে তিনি এক আত্মত্যাগী মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে কৈশোর থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত দীর্ঘ সময়ের জীবন তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
পরীমনির এই দুটি সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তার ফেরাকে ঘিরে আশাবাদী নির্মাতা ও ভক্তরা।
জে আই