দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। দুপুরের খাবার খেতে খেতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগলেও সম্প্রতি নিজেকে পুরোপুরি সুস্থ মনে করছিলেন এই অভিনেতা। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগেও তিনি সহকর্মী ও বন্ধুদের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলেছেন।
‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর স্রষ্টা জেডি মাজেথিয়া ভারতীয় গণমাধ্যমকে জানান, মৃত্যুর কিছু সময় আগেও সতীশ শাহ ছিলেন পুরোপুরি স্বাভাবিক।
তিনি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না এমন কিছু ঘটেছে। শনিবার সকাল ১১টায় তিনি অতীশ কাপাডিয়ার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। এরপর দুপুর ১টার দিকে রত্নাজির (রত্না পাঠক) সঙ্গেও কথা বলেছেন।
মাজেথিয়া আরও জানান, মৃত্যুর আগের দিন শুক্রবার তিনি সতীশ শাহের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তবে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছিল।
তখন সতীশ বলেছিলেন, আমার গলা শুনে কী মনে হচ্ছে? আমি একদম সুস্থ আছি।’ এমন আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনে কেউ ভাবতে পারবে না যে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন, বলেন মাজেথিয়া।
প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে সতীশ শাহ দর্শকদের মন জয় করেছেন অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানে ভি দো ইয়ারো’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে জনপ্রিয়তা পান। এরপর সুরজ বরজাত্যা, ফারহা খান, রাকেশ রোশনের মতো প্রথম সারির পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।
সালমান খানের প্রথম চলচ্চিত্র ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে শুরু করে ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’— প্রতিটি সিনেমাতেই তিনি নিজের অভিনয়গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
টেলিভিশনে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে ‘ইন্দ্রভার্মা সারাভাই’ চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
জে আই