দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জায়েদ খানের সঙ্গে ‘ছায়াবাজ’ ছবিতে অভিনয়ের জন্য ঢাকায় এসেছিলেন টলিউডের মাঝারি মানের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। গেল ৩০ আগস্ট ঢাকায় পা রেখেই কক্সবাজার উড়াল দেন তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের শুটিং করবেন তিনি। তার আগেই নিজ দেশে চলে যান এ নায়িকা।
প্রথমে জানা গিয়েছিল, জায়েদ খানের ওপর রাগ করে শুটিংয়ের মাঝপথে কলকাতায় উড়াল দিয়েছেন সায়ন্তিকা। কিন্তু এখন জানা গেল ভিন্ন তথ্য। নৃত্য পরিচালক মাইকেলের ওপর ক্ষিপ্ত হয়ে শুটিং শেষ না করেই চলে যান তিনি।
গানের মাধ্যমে ছবির শুটিং শুরু হয়। প্রথম গানটি বেশ ভালোভাবে শেষ হলেও, দ্বিতীয় গানের শুটিংয়ের সময় শুরু হয় ঝামেলা। নৃত্য পরিচালক বদল না করলে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দেন সায়ন্তিকা।

ছবির পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই নৃত্য পরিচালক মাইকেল বলেন, “প্রথম গানের শুটিং শেষ করে দ্বিতীয় গানের শুটিং করছিলাম আমরা। নাচের স্টেপ দেখানোর জন্য সায়ন্তিকার হাত ধরতেই তিনি বলেন, ‘হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও।’ আমি কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি। এ নিয়ে আমার সঙ্গে তার কোনো তর্ক-বিতর্কও হয়নি। কাজ শেষে পরিচালক ও প্রযোজককে সায়ন্তিকা জানান, আমি থাকলে তিনি কাজ করবেন না। পরদিন স্পটে এসে গাড়ি থেকেই নামতে চাচ্ছিলেন না তিনি। পরিচালক আমাকে বুঝিয়ে বললে আমি মনিটরে বসে ছিলাম। তিনি আমার সঙ্গে কথা বলে বলে দৃশ্যগুলোর শুটিং করেন। রাতে পরিচালক ও প্রযোজক সায়ন্তিকাকে জানান, আমার সঙ্গেই বাকি কাজ করতে হবে। পরদিন সকালে সায়ন্তিকা চলে যান। আমাদের ১২ তারিখ পর্যন্ত শুটিং করার কথা থাকলেও ৭ তারিখেই প্যাকআপ করে চলে আসতে হয়। আমার সঙ্গে সায়ন্তিকার কী সমস্যা বুঝতে পারছি না। তার সঙ্গে আগে কখনও কাজ হয়নি। এমনকি এই প্রথম তার সঙ্গে আমার দেখা হয়েছে।”
ছবির প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় গানের শুটিংয়ের সময় সায়ন্তিকা অভিযোগ জানান, নৃত্য পরিচালক মাইকেল নাকি তার হাত ধরেছেন। সিনেমা থেকে মাইকেলকে বাদ না দিলে তিনি কাজ করবেন না। খোঁজ নিয়ে জানলাম, মাইকেলের দোষ নেই। কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি। তাই, সায়ন্তিকাকে জানালাম মাইকেলের সঙ্গেই তাকে কাজ করতে হবে। না হলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান। আমি আমার কথায় এখনও অনড়। কাজ করতে হলে মাইকেলের সঙ্গেই করতে হবে। আমার দেশের শিল্পীদের ছোট করে আমি কোনো কাজ করতে চাই না। এতে আমার ক্ষতি হলেও সমস্যা নেই।’

তিনি জানান, মাইকেলের তত্ত্বাবধানে ছবির কাজ করতে না চাইলে বাদ দেওয়া হবে সায়ন্তিকাকে। প্রয়োজনে নায়ক-নায়িকা পরিবর্তন করে সিনেমার কাজ শেষ করবেন তিনি।
এদিকে কলকাতায় যাওয়ার আগে ‘টাইগার’ নামে আরও একটি ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়ে যান সায়ন্তিকা। এতেও তার নায়ক থাকবেন জায়েদ খান। পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান।
আরএসও