দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্ত্রী প্রিয়া রহমানের মৃত্যুতে শোকে কাতর ছিলেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। সেই শোক সহ্য করতে না পেরে একদিন পরেই ঘুমের মধ্যে মারা যান তিনি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টাঙ্গাইলে স্ত্রীকে দাফন করে বুধবার সকালেই ঢাকা ফেরেন সোহান। এ দিন বিকেলে উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন তিনি। অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাকে ।
হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যেই সোহানের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের মেডিকেল কর্মকর্তা তানভীর ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সোহান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তবে সোহানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা। মৃত্যুকালে তিনি দুই মেয়েকে রেখে গেছেন।
সাধারণত, চলচ্চিত্রের কেউ মারা গেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জানাজা অনুষ্ঠিত হয়। কিন্তু সোহানের মরদেহ সেখানে নেওয়া হবে না বলে জানিয়েছেন তার তিন মেয়ে। বিষয়টি নিয়ে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘আমরা তো চাচ্ছি তার মরদেহ এফডিসিতে নিয়ে যেতে। কিন্তু তার পরিবার চাচ্ছে এখনই টাঙ্গাইল নিয়ে যেতে। এরপরও আমরা তাদের সঙ্গে বসব। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তার মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়ার।’
সোহানের স্ত্রী প্রিয়া রহমানকে টাঙ্গাইলে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করার ইচ্ছাপোষণ করে গেছেন সোহান।
সোহানুর রহমান সোহান তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে। সেটা ১৯৭৭ সালের কথা। এরপর তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলী সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেছেন।
প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকাখ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন।
আরএসও